শিক্ষকদের বেত্রাঘাতে আট শিক্ষার্থী হাসপাতালে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকার মারিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষকদের বেত্রাঘাতে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিক্ষার্থীদের বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুল হক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি দেখতে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ক্লাসে বসে কয়েকজন শিক্ষার্থী এক শিক্ষকের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করছিল। এ সময় শিক্ষক তাইবুন্নেছা বিষয়টি শুনে ফেলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের মারধর করতে থাকেন। পরে তাঁর সঙ্গে অন্য শিক্ষক সংহিতা চাকমা ও রানু বেগম যোগ দিয়ে শিক্ষার্থীদের মারধর শুরু করেন। এতে আট শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের বলা হয় মারধরের ঘটনাটি যেন কেউ না জানে।
অভিযুক্ত শিক্ষক রানু বেগম বলেন, আমরা রাগের মাথায় মারধর করেছি। বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের নিয়ে সমঝোতার আলোচনা চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি চাকমা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাঁরা সবাই নারী, যা করেছে না বুঝে করেছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মুন্সি বলেন, অভিযুক্ত শিক্ষকদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাঘাইছড়ি থানার ওসি এস এম আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের হাতে ও শরীরে বেতের আঘাত রয়েছে। অভিভাবকেরা এখনো কোনো অভিযোগ দেননি।