শিক্ষকদের সঙ্গে উপাচার্যের বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার তদন্তের অগ্রগতি এবং বাসা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের বিষয়ে উপাচার্যের সঙ্গে বাদবিতণ্ডার ঘটনা ঘটেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লাঞ্ছিত হন। এ ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলতে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। শিক্ষকেরা তদন্তের বিষয়ে জানতে চাইলে বাগ্‌বিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে শিক্ষকেরা বাসা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের কাছে এর কারণ জানতে চান। এতে দু পক্ষের মধ্যে কথাকাটাকাটি এবং উত্তেজনা আরও বেড়ে যায়।
উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়া একজন শিক্ষক সাংবাদিকদের বলেন, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে এক শিক্ষক উপাচার্যকে বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের বাসা বরাদ্দ না দিয়ে কনিষ্ঠ শিক্ষকদের বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এ ধরনের নিয়ম বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তাঁকে বসাননি। ওই শিক্ষকের এমন কথার জবাবে উপাচার্য বলেন, ‘জ্বী, প্রধানমন্ত্রী আমাকে এ নিয়মই করতে দিয়েছেন। ভিসি যা করে, সেটাই নিয়ম।’ উপাচার্যের এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ করে শিক্ষকেরা অনিয়ম বন্ধের দাবি জানিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগ্‌বিতণ্ডার কথা স্বীকার করেন উপাচার্য শাদাত উল্লা। তবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি বিশেষ বিবেচনায় যে কাউকে বাসা বরাদ্দ দিতে পারি। এ বিষয় নিয়ে কয়েকজন শিক্ষক চিৎকার চেঁচামেচি করেছেন।’