শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের ধস্তাধ্বস্তি, ক্লাস-পরীক্ষা বন্ধ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার শিক্ষক ও ছাত্রলীগের দুই নেতার কর্মীদের মধ্যে ধস্তাধ্বস্তির ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ভেতর শিবিরের এক কর্মীকে মারধর থেকে শিক্ষকেরা রক্ষা করতে গেলে এ ঘটনা ঘটে। শিক্ষকদের লাঞ্ছিত করার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অনুষদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের র্যাগ ডে পালন করার প্রস্ততি চলছিল। প্রস্তুতি কমিটিতে মোহাম্মদ আলী রেজা ওরফে নোমান নামের শিবিরের এক কর্মী রয়েছেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী অনুষদে গিয়ে ওই শিক্ষার্থীকে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় রেজা দৌড় দিয়ে শিক্ষকদের চেম্বারের দিকে যান। তাঁকে ধরতে পিছু ছোটেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনিরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ। নিজ অনুষদের শিক্ষার্থীকে পেটানো হচ্ছে শুনে বেশ কয়েকজন শিক্ষক বের হয়ে আসেন। তাঁরা ওই দুই নেতাকে বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই নেতাদের সঙ্গে যোগ দেন কয়েকজন কর্মীও। পরে উভয় পক্ষে ধস্তাধ্বস্তি শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতারা আরও কর্মী আনতে মোবাইলে ফোন দিতে গেলে শিক্ষকেরা তিনটি ফোন ছিনিয়ে নেন। ধস্তাধ্বস্তিতে তিনজন শিক্ষক ও ছাত্রলীগের চার কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে শিক্ষকদের বাধায় ও প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অনুষদ ভবনের বাইরে চলে আসেন। শিবিরের কর্মী যেন বের হয়ে আসতে না পারেন এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা যাতে ভবনের ভেতরে না আসতে পারেন এ জন্য উভয় পক্ষÿ অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এরপর অনুষদের ফটকের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করতে থাকেন। তাঁরা শিক্ষকদের হাতে নেতা-কর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে শিক্ষকদের বিচার চেয়ে ও শিবিরের ওই কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে মিছিল করেন।
এদিকে অনুষদের এক বৈঠকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়। এ সময় অনুষদের শিক্ষকেরা নিজেদের ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান।
বিশ্ববিদ্যালয় শিবিরের এক দায়িত্বশীল নেতা রেজাকে নিজদের সংগঠনের কর্মী বলে নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাসহ বেশ কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আসেন। তাঁরা জানান, শিবিরের ওই কর্মী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, এমন খবর পেয়ে তাঁরা সেখানে যান। নেতারা অভিযোগ করেন, ওই কর্মীর সঙ্গে আলাপ করতে চাইলে শিক্ষকেরা বাধা দেন। একপর্যায়ে শিক্ষকেরা তাঁদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এ সময় তাঁদের চারটি মোবাইল কেড়ে নেওয়া হয়।
ধস্তাধ্বস্তিতে আহত নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীপন্থী এক শিক্ষক বলেন, অনুষদের ভেতরে ঢুকে কোনো শিক্ষার্থীকে পেটানো হবে, তা কোনো শিক্ষক মেনে নেবেন না। ওই নেতাদের বাধা দিলে তাঁরা শিক্ষকদের লাঞ্ছিত করেন। যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষদের এভাবে লাঞ্ছিত করা হয়, সেখানে তিনি শিক্ষকতা করবেন না বলে ক্ষোভÿপ্রকাশ করেন।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইদ্রিস মিয়া বলেন, ‘আমি ওই ছাত্রকে নিরাপত্তা না দিতে পেরে প্রক্টরের হাতে তুলে দিই। বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিষয়টি উপাচার্যকে মৌখিকভাবে জানানো হয়েছে।’
প্রক্টর হারুন-অর-রশীদ বলেন, ছাত্রলীগের ছেলেরা চারপাশ ঘিরে রাখায় নিরাপত্তার স্বার্থে ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো.ফজলুল করিম বলেন, রেজাকে হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।