শিক্ষকদের নামে ভুয়া বিল তৈরি করতেন তিনি। সেই বিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নকল সই দিতেন। বিল পাস হওয়ার পর নিজেই চেক নিয়ে ব্যাংকে যেতেন। তারপর শিক্ষকদের নাম সই করে ব্যাংক থেকে টাকা তুলে নিতেন।
দিনের পর দিন এ কাজ করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। নিজের মুখেই তিনি চার লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এই তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাব শাখার দৈনিক মজুরিভিত্তিক এক শ্রমিক। নাম নজরুল ইসলাম, বাড়ি রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায়।
১৪-১৫ বছর ধরে বোর্ডের বিভিন্ন শাখায় কাজ করছেন তিনি। আর হিসাব শাখায় আছেন আট-নয় বছরে ধরে। এই শাখায় তাঁর দায়িত্ব ছিল বিদ্যালয় ও কলেজের পরীক্ষকদের বিল, চেক ডেসপাস করা ও স্ব-স্ব ঠিকানায় পাঠানো। বোর্ডের চেকবইও তাঁর কাছে থাকত।
নজরুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষকদের নামে ভুয়া বিল তৈরি করতেন। বোর্ডের প্রশাসনিক কর্মকর্তাসহ সহ-হিসাবরক্ষণ কর্মকর্তা, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং বোর্ড সচিবের বিল ফরমের স্বাক্ষর জাল করে বিভিন্ন অঙ্কের টাকার বিল করতেন। পরে চেকের মাধ্যমে ব্যাংক থেকে সেই টাকা তুলে নিতেন। সম্প্রতি বিষয়টি বোর্ডের হিসাব শাখার কর্মকর্তারা টের পান। তাঁরা বিষয়টি চেয়ারম্যানের নজরে আনেন। ১২ মে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন চেয়ারম্যান। কমিটির অপর দুই সদস্য হলেন উপসচিব (প্রশাসন, চলতি দায়িত্ব) ফরিদ হাসান ও হিসাবরক্ষণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) আখতারুজ্জামান। কমিটি গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও জটিলতার কারণে ১৯ মে ওই প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় তদন্ত কমিটির সদস্যদের কাছে নজরুল স্বীকার করেছেন, ভুয়া বিল করা, স্বাক্ষর জাল করা, ব্যাংক থেকে টাকা তোলা সব কাজ তিনি একাই করেছেন। শিক্ষকদের বিলের মধ্যে রয়েছে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার বহুনির্বাচনী, নৈর্ব্যক্তিক উত্তরমালা যাচাইকরণের থোক বিল, যাতায়াত ও দৈনিক ভাতার থোক ইত্যাদি। তদন্ত কমিটি বোর্ডের হিসাব শাখায় তল্লাশি করে এ রকম প্রায় ৩৯টি বিলের অনুকূলে ২ লাখ ৪১ হাজার ১১৪ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। তবে কমিটির কাছে লিখিত স্বীকারোক্তিতে নজরুল চার লাখ টাকা আত্মসাতের কথা বলেছেন। আত্মসাৎ করা টাকা বোর্ডের তহবিলে জমা দেওয়ার অঙ্গীকার করেছেন নজরুল।
নজরুল বলেছেন, সংসারের অভাবের কারণে এ কাজ করেছেন। লিখিত বক্তব্যে তিনি বোর্ডের প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, তাঁকে যদি আবারও কাজের সুযোগ দেওয়া হয় এবং টাকা পরিশোধের জন্য বলা হয়, তাহলে তিনি তিন-চার মাসের মধ্যে টাকাগুলো পরিশোধ করবেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত বলেন, একটি আর্থিক বছরের হিসাব থেকে এই পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তিনি অনেক দিন ধরে ওই শাখায় কাজ করেছেন। চেয়ারম্যান আরও বলেন, এত দিন এই শ্রমিকের কাছেই বোর্ডের চেক ছিল। আর সচিব স্বাক্ষর করলে অ্যাকাউন্ট পেয়ি চেক বাহক চেকে পরিণত হয়ে যায়। তখন যে কেউ তা ব্যাংক থেকে ভাঙাতে পারে।