শিক্ষকদের সহযোগিতায় নকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগিতায় নকল চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটি কলেজের শিক্ষকেরা সমঝোতা করে পরীক্ষা শুরুর আগে মুঠোফোনে নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে নিয়ে যান। পরে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা সঠিক উত্তর লিখে তা পরীক্ষার হলে শিক্ষার্থীদের সরবরাহ করেন। স্থানীয় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আমতলীর পাঁচটি কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আমতলী ডিগ্রি কলেজ ও বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে।
কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, ১ এপ্রিল পরীক্ষা শুরুর আগে এই পাঁচটি কলেজের অধ্যক্ষের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পরীক্ষার অন্তত ১৫ মিনিট আগে প্রশ্নপত্র মুঠোফোনে ছবি তুলে একজন শিক্ষক বাইরে নিয়ে যান। পরে ওই বিষয়ের এক শিক্ষক প্যানেল এসব প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করেন। এভাবে ৩ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চললেও ৪ এপ্রিল ঘটে বিপত্তি।
৪ এপ্রিল বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের প্রশ্নপত্র একইভাবে বাইরে পাঠানো হয়। এদিন ব্যবস্থাপনা বিষয়ের প্রশ্নপত্রের উত্তর নিরূপণ করার দায়িত্বে ছিলেন আমতলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক কবির হোসেন ও টিয়াখালী কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান ও কবির হোসেন কৌশল করে উত্তরের দুটি সেট তৈরি করেন। এর মধ্যে যেসব শিক্ষার্থী তাঁদের দুজনের কাছে প্রাইভেট পড়ে তাঁদের জন্য একটি ও অন্যদের জন্য আরেকটি। দ্বিতীয় সেটের উত্তরপত্র ছিল অনেকটাই ভুলে ভরা। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্ষিপ্ত হন।
এরপর গত বৃহস্পতিবার ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে যথারীতি ফাঁস করা হয় এবং ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা ও কারিগরি বিষয়ের প্রভাষক সুমন মুন্সি উত্তর লিখে তা আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের সরবরাহ করেন। কিন্তু বকুলনেছা কলেজ কেন্দ্রে তা দেওয়া হয়নি। এতে বকুল নেছা মহিলা কলেজ, টিয়াখালী কলেজ ও ইউনুস আলী খান কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়। ফলে প্রশ্নপত্র ফাঁসের এই অলিখিত সমঝোতা ভেঙে যায়।
এ নিয়ে বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কুমার সরকার ও আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ বিষয়ে প্রণব কুমার সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেনের কাছে নালিশ দেন। এরপর বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন কলেজে এসে বিষয়টি আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ মজিবুর রহমানকে গালাগাল করেন।
যোগাযোগ করা হলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘না, তেমন কিছুই হয়নি। আমি অধ্যক্ষকে ডেকে বলেছি, কলেজ এটাও তোমার, ওটাও তোমার। তাই দুটোকেই সমান দৃষ্টিতে দেখতে বলেছি।’
আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের মুঠোফানে বেশ কয়েকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
পরীক্ষা কমিটির সদস্য ও আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘শুরু থেকেই ফাঁস করা প্রশ্ন দিয়ে তাঁরা (বকুলনেছা কলেজ) শিক্ষার্থীদের পরীক্ষা নেয়। এর প্রমাণ আমাদের কাছে আছে। বৃহস্পতিবার উত্তরপত্র নিয়ে হলে ঢোকার সময় পুলিশ বাধা দিলে বকুলনেছা মহিলা কলেজের শিক্ষকেরা তাতে আমাদের দায়ী করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আমাদের কলেজের কেউ জড়িত নন।’
বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রণব কুমার সরকার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টির সঙ্গে আমি জড়িত নই। আর আমি এসব বিষয়ে কিছু জানিও না। তবে পরীক্ষার ভেন্যু নিয়ে আমাদের সঙ্গে আমতলী ডিগ্রি কলেজের শিক্ষকদের মতবিরোধ আছে।’