শিক্ষকদের হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, এমন অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। কথিত একটি জঙ্গি সংগঠনের নামে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এই হুমকি দেওয়া হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে ফেসবুক পাতা খুলে ওই হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকে হত্যার দায় ফেসবুকের যে পাতায় স্বীকার করা হয়েছিল, সেটির নামও ছিল ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’। তবে বগুড়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাতাটি খোলা হয়েছে গত মঙ্গলবার।
শিক্ষকদের ভাষ্য, ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের ফেসবুক পাতাটি গত মঙ্গলবার খোলা হয়। এক দিন পর বুধবার সকালে সেখানে ‘নেক্সট টার্গেট...বগুড়া সরকারি মহিলা কলেজ শিক্ষক’ লিখে একটি বার্তা দেওয়া হয়। এতে দাবি করা হয়, কলেজটিতে গত সেপ্টেম্বরে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, যার শাস্তি মৃত্যু। শিক্ষকদের হুমকি দিয়ে সেখানে বলা হয়, ‘ইসলাম বিরোধী সকল নাস্তিক-মুরতাদ সাবধান!’। তবে হুমকিতে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।
শিক্ষকেরা জানান, বিষয়টি গতকাল বৃহস্পতিবার নজরে আসার পর তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আখতার জাহানকে বিষয়টি জানিয়েছেন।
অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পর্যবেক্ষণ করছি। সে রকম কিছু মনে হলে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানাব।’