সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) কয়েকজন শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ১৪জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সুমন সূত্রধর, আবুল হাসনাত, মো. সাইফুল আলম, আবদুল কাদের, হিমেল দাশ, অভিত রায়, মো. আলমগীর হোসনে খান, কৃষাণ বিশ্বাস, রুবেল মিয়া, আক্তারুজ্জামান, জাফর আহমেদ, মুহিউদ্দিন, রাজু পাঠান ও হাওনান আহমদ নাহিয়ান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক তারেক উদ্দিন প্রথম আলোকে জানান, সমাপনী অনুষ্ঠানের নামে ওই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। প্রক্টর মাহবুব ইবনে সিরাজ এ কথা শুনে সেখানে গিয়ে তাঁদের বাধা দেন এবং ক্লাস থেকে বের করে দেন। এ সময় প্রক্টরের সঙ্গে আরও ছয়জন শিক্ষক ছিলেন। এই ১৪ শিক্ষার্থী তখন শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে হাতাহাতি হয়। এই শিক্ষার্থীদের ওই সাত শিক্ষককে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। তাঁরাও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। এঁরা গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান (২৪) হত্যা মামলার আসামি।