শিক্ষকবাসে ককটেল হামলা, ১৪ জন আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী দুটি বাসে গতকাল বুধবার উপর্যুপরি ককটেল হামলা হয়েছে। এতে ১২ শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন। ছাত্রলীগ ও পুলিশ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী কেরছে। তবে শিবির বলছে, ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বেই এ হামলা হয়।
বাস দুটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে হাটহাজারীর নন্দীরহাটের ছড়ারকুল এলাকায় এ হামলা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র ধর্মঘট চলাকালে এ হামলা হয়। এ ঘটনায় শিবিরের পাঁচ কর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দা হালিমা বেগম, জৈব রসায়ন বিভাগের প্রভাষক সোনম আক্তার ও সুনন্দা বৈদ্য, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা, ফলিত পদার্থবিদ্যার প্রভাষক সাবরিনা আলম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আরা চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর হায়দার। আমৃতা নাগ নামের এক ছাত্রীকেও এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একজন শিক্ষকের কন্যা। আহত বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল গণি বলেন, আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। তাঁদের চারজনের কানে সমস্যা হয়েছে। অন্যরা স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন। এ ছাড়া মাথা ও হাতে ব্যথা পেয়েছেন তাঁরা।
যেভাবে হামলা: প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষকেরা জানান, চট্টগ্রাম শহর থেকে অন্য দিনের মতোই গতকাল সকাল সাড়ে নয়টায় ওই দুটি বাস ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। সোয়া ১০টার দিকে বাস দুটি ছড়ারকুল এলাকায় পৌঁছলে সেগুলোর ওপর উপর্যুপরি ককটেল ছোড়া হয়। ছোড়া হয় ইটপাটকেলও। হামলায় অংশ নেয় ১০-১৫ জন। পরে বাস দুটি দ্রুত স্থান ত্যাগ করে ক্যাম্পাসে চলে যায়। এরপর সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষক শ্রাবন্তী সাহা বলেন, ‘যখন হামলা শুরু হয়, তখন আমরা বাসের মেঝেতে শুয়ে পড়ি। সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’
হামলার সম্ভাব্য কারণ: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২৪ আগস্ট ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় সোহরাওয়ার্দী হল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে ১২ জানুয়ারি এ দুই সংগঠনের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এতে বন্ধ করে দেওয়া হয় শাহ আমানত হল। এসব বন্ধ হল খুলে দিয়ে সেখানে বৈধ ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত ৩১ আগস্ট শুরু হয় ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট। তবে শিবির ওই ধর্মঘট করছে বলে অভিযোগ রয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলের দাবি, ‘যেহেতু সাধারণ ছাত্রদের ব্যানারে শিবির ছাত্র ধর্মঘট ডেকেছে, তাই এ হামলা তারাই করেছে। আটককৃতরাও সেই স্বীকারোক্তি দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনা শিবির পরিকল্পিতভাবে ঘটিয়েছে। ছাত্র ধর্মঘট তারাই ডেকেছে।’
আটক শিবিরের পাঁচ কর্মী: হামলার পর ছড়ারকুল থেকে মো. আখতারুজ্জামান (২২), সাব্বির হাওলাদার (২২), মো. ইউসুফ (২৩), ইমরান আলী (২৫) ও মো. তৌহিদ (২৩) নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এঁরা সবাই শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা দুজনকে আটক করেছি। তিনজনকে পাশের মেস থেকে ধরেছি।’ তিনি দাবি করেন, আটককৃতদের মুঠোফোনে হামলার পরিকল্পনা-সম্পর্কিত খুদে বার্তা পাওয়া গেছে।
ছাত্রশিবিরের বক্তব্য: অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘ছাত্রলীগের অন্তঃকোন্দলের কারণে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের সম্পৃক্ততা নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত নই। তবে এতে আমাদের সমর্থন রয়েছে।’
বিক্ষোভ-সমাবেশ: হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দুপুরে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটও।
উপাচার্য মো. আনোয়ারুল আজিম গতকাল হামলার পর সিন্ডিকেটের এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘পুলিশকে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
ককটেল, রামদা উদ্ধার: হামলার ঘটনায় গতকাল সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খতিব মঞ্জিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ককটেল ও ছয়টি রামদা উদ্ধার করেছে পুলিশ।