শিক্ষকবাসে হামলার ঘটনায় কাল এক ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বহনকারী দুটি বাসে ককটেল হামলার ঘটনায় হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 
গত বুধবার সকালে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে বাস দুটিতে উপর্যুপরি ককটেল হামলা চালানো হয়। এতে ১২ শিক্ষকসহ আহত হন অন্তত ১৪ জন। ছাত্রলীগ ও পুলিশ এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করলেও সংগঠনটির দাবি, ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বেই হামলা হয়েছে।
এদিকে ছাত্রধর্মঘট চলার মধ্যে শিক্ষকবাসে হামলার পরিপ্রেক্ষিতে গতকাল পুলিিশ পাহারায় শিক্ষকদের বাস ক্যাম্পাসে যায়। তবে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তা ছাড়া হামলায় আহত শিক্ষকেরা চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
হামলার ঘটনায় বুধবার রাতেই হাটহাজারী থানায় পৃথক মামলা দুটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিকুল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে দায়ের করা হয় একটি মামলা। অপর মামলা করা হয় ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল আলম একটি ও হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মনজুর আহমেদ অপর মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মামলার বিষয় নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে হামলার পর বুধবার পাঁচ শিবিরকর্মীসহ অন্তত ২০ জনকে আটক এবং ক্যাম্পাসে অভিযান চালিয়ে বেশ কিছু রামদা, কিরিচ ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, যাঁদের আটক করা হয়েছে তাঁদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। প্রকৃতপক্ষে যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
শিক্ষকদের কর্মবিরতি: হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে সমিতির নেতারা এক বৈঠকে বসে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষক সমাবেশ।
নিন্দা: শিক্ষকদের বাসে ককটেল হামলার ঘটনায় দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মঞ্চ ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ গতকাল এক বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।