শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের দুই শিক্ষক এবং এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
টঙ্গী থানায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ। এ ছাড়া পরীক্ষা পরিচালনার জন্য আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।
যাঁদের নামে মামলা হয়েছে, তাঁরা হলেন ওই প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল আনসার, স্কুল শাখার জ্যেষ্ঠ শিক্ষক মশিউল ইসলাম ও অফিস সহকারী আবুল হোসেন (৫০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) তপন কুমার সরকার ২০ মে সকালে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মশিউল ইসলাম ও অফিস সহকারী আবুল হোসেনকে সৃজনশীল প্রশ্ন বাছাই করতে দেখেন। পরে তিনি পাশে থাকা বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের প্যাকেটও খোলা দেখতে পান। পরে প্যাকেটগুলো যাচাই করে প্রতি সেট থেকে একটি করে প্রশ্নপত্র কম পান। অথচ বহুনির্বাচনী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বোর্ড থেকে সিলগালা করা ওই প্রশ্নপত্রের প্যাকেট খোলার নিয়ম। ওই সময় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক চলতি বছরের এইচএসসি পরীক্ষার রসায়ন প্রথম পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের প্রতিসেটের (ক, খ, গ ও ঘ) একটি করে প্রশ্নপত্র কম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের ক সেটের দুটি প্রশ্নপত্র কম পান।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম এবং প্রভাষক আবদুল্লাহ আল আনসার ওই কক্ষে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানতে পারেন, ইতিপূর্বে সকাল সাড়ে আটটার দিকে প্রভাষক আবদুলাহ আল আনসার থানা থেকে সিলগালা করা প্রশ্নের প্যাকেট কেন্দ্রে নিয়ে আসেন। পরে সরিয়ে ফেলা প্রশ্নপত্রগুলো উদ্ধারের জন্য অধ্যক্ষকে সময় দেন ওই উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। কিন্তু ৩০ মিনিট চেষ্টার পরও অধ্যক্ষ প্রশ্নগুলো উদ্ধার করতে পারেননি।
এই অবস্থায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার উক্ত ঘটনার বিবরণ দিয়ে একটি পরিদর্শন প্রতিবেদন তৈরি করে কেন্দ্রসচিবের স্বাক্ষর নেন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন।
শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ওই পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্যকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে বলা হয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।