শিক্ষকস্বল্পতায় ভেঙে পড়েছে চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকস্বল্পতার কারণে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। অভিযোগ উঠেছে, উৎকোচের বিনিময়ে চরাঞ্চলের শিক্ষকদের বদলি করা হচ্ছে। এসব বদলি বাণিজ্যের সঙ্গে জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের দুনীতিবার্জ কর্মকর্তারা জড়িত।
শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী বদলির বিষয়ে জ্যেষ্ঠতা, শিক্ষক প্রতিস্থাপন, এক বছর সময় পূর্ণ না হওয়া, চারজন বা তার কম শিক্ষক থাকলে বদলি না করার নীতিমালা থাকলেও তা মানা হচ্ছে না।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, নিয়ম-নীতি লঙ্ঘন করে একের পর এক শিক্ষক বদলি হওয়ায় চরাঞ্চলে শিক্ষার্থীদের পাঠদান একেবারেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও বদলি বাণিজ্যের কারণে তা ভেস্তে যেতে বসেছে।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, যমুনা নদীর পূর্ব পাড়ের এই চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে ৯০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নদী দিয়ে বিভক্ত এই অঞ্চলে শিক্ষকেরা যোগদান করার পর থেকেই বদলি হওয়ার জন্য তদবির শুরু করেন। গত দুই মাসে (ফেব্রুয়ারি-মার্চ) প্রায় ২২ জন শিক্ষককে চরাঞ্চল থেকে বদলি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। এই বিদ্যালয়ের তিনজন শিক্ষকের মধ্যে তাহরিমা খাতুনকে পাশের ধুনট উপজেলার মরিচতলা বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এখানে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষক দেওয়া হয়নি। একজন শিক্ষক প্রশিক্ষণে রয়েছেন।
তেকানী ইউনিয়নের উত্তর তেকানী বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে পশ্চিম পাড়ের শিমুল দাইড় এবং সহকারী শিক্ষক মুন্নি খাতুনকে বগুড়ার শেরপুরে বদলি করা হয়েছে। বর্তমানে দুজন শিক্ষক দিয়ে এই বিদ্যালয় চলছে।
চরগিরিশ ইউনিয়নের খাস চরগিরিশ বিদ্যালয়ের তিনজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক লাবণী খাতুনকে যমুনা নদীর পশ্চিম পাড়ের রশিকপুর বিদ্যালয়ে বদলি করা হয়েছে। আরেক নারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বর্তমানে একজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চলছে।
দক্ষিণ ছালাল বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা খাতুনকে পশ্চিম পাড়ের বিলদরিয়া বেতগাড়ী বিদ্যালয়ে বদলি করা হয়েছে। বিদ্যালয়টির শিক্ষক আমেনা খাতুন অভিযোগ করে বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ফাতেমাকে বদলি করা হয়েছে। এই বিদ্যালয়ে জিনিয়া আব্বাসী আট বছর ধরে কর্মরত রয়েছেন। ফাতেমা গত বছর যোগদান করার পর পরই পিটিআই প্রশিক্ষণে যান। প্রশিক্ষণ শেষে ২০১৪ সালের ৩১ মার্চ যোগদানের পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাঁকে বদলির জন্য সুপারিশ করে জেলা কার্যালয়ে চিঠি পাঠান। তিনি দাবি করেন, অর্থের বিনিময়ে জুনিয়র এক শিক্ষককে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমনিতেই চরাঞ্চলে শিক্ষক আসতে চান না। তার ওপর নিয়ম ভেঙে পছন্দের শিক্ষকদের বদলি করায় দীর্ঘদিন ধরে থাকা শিক্ষকেরা হতাশ হয়ে পড়েছেন। শুধু এই বিদ্যালয়ই নয়, এ ধরনের বদলি চরাঞ্চলের অনেক বিদ্যালয়েই হয়েছে।
অভিভাবকদের মধ্যে সানবান্দা চরের বাসিন্দা আ. ছালাম, আবদুল হামিদ ও হারুন অর রশিদ বলেন, চর এলাকা এমনিতেই অবহেলিত। শিক্ষক বদলি করায় বিদ্যালয়গুলোতে লেখাপড়া হচ্ছে না। ছেলেমেয়েরা শুধু খেলাধুলা করেই সময় কাটাচ্ছে। যদি সন্তানেরা লেখাপড়া শিখতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। শিক্ষা কর্মকর্তারা বাইরের লোক। তাঁরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বদলি বাণিজ্য করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বদলির বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে সুপারিশ পাঠানো হয়। সুপারিশ ছাড়া কারও বদলি করা হয়নি। নিয়মবহির্ভূতভাবে কয়েকটি সুপারিশ আসায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। এখানে আমার কার্যালয়ের কোনো অনিয়ম হয়নি।
কাজীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ময়নুল হাসান বলেন, মানবিক দৃষ্টিকোণে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে। পাঠদানের বিষয়ে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর প্রতি দৃষ্টি রাখা হয়েছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল ইসলাম বলেন, অবহেলিত চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে একাধিকবার শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। আলোচনায় বদলি বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া আছে। অনিয়ম করে বদলির অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।