শিক্ষকের ওপর হামলা দুই ছাত্র বহিষ্কার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষসহ তিন শিক্ষকের ওপর হামলার ঘটনায় দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এঁদের মধ্যে একজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ।
গত রোববার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব মিয়াকে ও গতকাল সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাকবির উদ্দিনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এঁদের মধ্যে তকাবিরের বিরুদ্ধে কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাজহারুল হক বাদী হয়ে গত রোববার রাতে কলেজ প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাহাল খানকে পেটাতে ও তাকে তুলে নিতে কলেজের ভেতর একই শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ বহিরাগত কয়েকজন যুবক আসেন। সাহাল হামলা থেকে বাঁচতে দৌড়ে উপাধ্যক্ষ ফজলুল হকের কক্ষে গিয়ে তাঁকে বিষয়টি জানায়। এই সময় উপাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক এগিয়ে এসে রাকিবসহ বহিরাগত অপর এক যুবককে আটক করেন। এর কিছুক্ষণ পর কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র তাকবির উদ্দিন তাঁর দলবল নিয়ে উপাধ্যক্ষসহ তিন শিক্ষকের ওপর হামলা চালান এবং তাঁদের লাঞ্ছিত করেন। এই সময় তাঁরা আটক ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যান।
কলেজের অধ্যক্ষ রামচন্দ্র রায় জানান, ঘটনার পরপরই শিক্ষক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনই (রোববার) রাকিবকে ও সোমবার (গতকাল) তাকবিরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, কলেজ আঙিনায় সন্ত্রাসী কার্যক্রম ও ত্রাস সৃষ্টি করায় এবং শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দ্রুত বিচার আইনে তাকবিরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকবিরকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।