
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার কালীগঞ্জ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।
২০ আগস্ট দুপুরে ডায়নারপার উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কালীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আবদুল গনির ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে ওই দিনই নাগেশ্বরী থানায় মামলা করা হয়। আসামিরা হলেন মফিজুল হক (২৩), রিয়াজুল ইসলাম (৪৫), রুহুল আমিন (৫০), এমদাদুল হক (৩০), খাইরুল ইসলাম (২২) ও ফারুক হোসেন (২০)। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হতে পারে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন।