শিক্ষকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র তানভীর হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার বিদ্যালয়ের সম্মেলনকক্ষে পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে হাতুড়ির আঘাতে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমদ আহত হন। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর হোসেন তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।
মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা খান বলেন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের জরুরি বৈঠকে তানভীরকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় অন্য কোনো ছাত্র জড়িত আছে কি না, তা বের করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দিবে।
আহত শিক্ষক মোস্তাক আহমদ বলেন, তানভীরের বিরুদ্ধে মামলা করা হবে।