তোবা গার্মেন্টসের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফাসহ আন্দোলনকারী ব্যক্তিদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ফটকে গতকাল এক বিক্ষোভ সমাবেশে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা এই শাস্তির দাবি করেন। ৬ আগস্ট তোবা গার্মেন্টসের সামনে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় সমাবেশে বক্তারা ক্ষোভ জানান।
সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, তোবা গার্মেন্টসকে কেন্দ্র করে মালিক-শ্রমিকপক্ষের যে দ্বন্দ্ব তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর উদ্দেশ্যে সামিনা সেখানে গিয়েছিলেন। পাশাপাশি মানবিকবোধ থেকে অনশনরত শ্রমিকদের জন্য স্যালাইন ও পানি নিয়ে গিয়েছিলেন। কিন্তু অতি উৎসাহী পুলিশ সদস্যরা তাঁর পরিচয় পেয়েও তাঁকে আঘাত করেছেন।
হামলার শিকার সামিনা লুৎফা সমাবেশে বলেন, ‘আমার পরিচয় দেওয়ার পরও তারা অকথ্য ভাষায় আক্রমণ করে এবং একপর্যায়ে লাঠিপেটা করে। পরে সাংবাদিক বন্ধুরা আমাদের উদ্ধার করেন।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ও উপাচার্যকে ব্যবস্থা নিতে অনুরোধ করার কথা বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে একই বিভাগের অধ্যাপক গোলাম রহমান, সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, শামীম রেজা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।