শিক্ষকের কলমে ছাত্রের চোখ নষ্টের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম রাব্বি
গোলাম রাব্বি

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিক্ষকের ছোড়া কলমে এক ছাত্রের চোখে আঘাত লাগে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। যথাযথভাবে চিকিৎসা করা না গেলে চোখটি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত ছাত্র গোলাম রাব্বি (১৪) শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার মা সাহানা বেগম শহরের সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক সুব্রত চন্দ্র সরকার পালিয়ে গেছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, গতকাল জেএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে কক্ষের পেছনের বেঞ্চে বসে দুই ছাত্র কথা বলাবলি করছিল। এ সময় ওই কক্ষে দায়িত্বে থাকা সমাজবিজ্ঞানের শিক্ষক সুব্রত চন্দ্র তাদের লক্ষ্য করে কলম ছোড়েন। কিন্তু কলম লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বেঞ্চে বসা গোলাম রাব্বির বাঁ চোখে লাগে। এতে সে চিৎকার শুরু করলে সুব্রত তার হাতে ১০০ টাকার নোট দিয়ে ওষুধ কেনার কথা বলে কক্ষ ত্যাগ করেন। সহপাঠীরা রাব্বিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘আহত রাব্বির চিকিৎসা চলছে। বিষয়টি আমরা দেখছি।’
সদর হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ইয়ামলি খান বলেন, রাব্বির চোখের কর্নিয়াতে মারাত্মক আঘাত লেগেছে। সেখানে সেলাই দিতে হবে। এ জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর যদি সেলাই দেওয়া যায়, তাহলে তার চোখ টিকবে নতুবা তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।