শিক্ষকের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকতা করেন এক বিদ্যালয়ে। বেতন নিচ্ছেন অন্য বিদ্যালয় থেকে। সন্তান একটি। কিন্তু শিক্ষা ভাতা নিচ্ছেন দুই সন্তানের নামে। এ অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

ওই শিক্ষকের নাম শহিদুল ইসলাম। তিনি সাত মাস ধরে একই উপজেলার দক্ষিণ কায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেতন তুলছেন। দুই সন্তানের নামে শিক্ষা ভাতা হিসেবে প্রতি মাসে পাঁচ শ টাকা করে এক হাজার টাকা নিচ্ছেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, এক প্রতিষ্ঠানে শিক্ষকতা করে অন্য প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সুযোগ নেই। শিগগির এসব বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শহিদুল ইসলাম পশ্চিম কায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁকে ২৯ ফেব্রুয়ারি পদাবনতি দিয়ে সহকারী শিক্ষক হিসেবে বদলি করা হয়। ২৩ মার্চ তিনি পশ্চিম খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় ২৬ মে তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা হয়, যা বিচারাধীন। সরকারি নিয়মানুযায়ী প্রেষণ ছাড়া একজন শিক্ষক যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন, সেখান থেকেই বেতন উত্তোলন করবেন।

শহিদুল ইসলাম বলেন, ‘আগের বিদ্যালয়ে থেকেই বেতন উত্তোলন করছি। আমার সন্তানও একটি।’ তাহলে কীভাবে অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেতন ও দুই সন্তানের নামে শিক্ষা ভাতা নিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অফিস ভালো বলতে পারবে। সমাজে কত অনিয়ম হয়, তা দেখেন না?’

পশ্চিম খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

দক্ষিণ কায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি খাদিজা বলেন, শহিদুল ইসলাম কীভাবে এ বিদ্যালয় থেকে বেতন পান, তা তিনি জানেন না। তিনি এ বিদ্যালয় থেকে ওই শিক্ষকের বেতনে সই করছেন না বলেও দাবি করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’