শিক্ষকের গাফিলতি পরীক্ষা দিতে পারেনি ১২২ জন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তারের গাফিলতির কারণে ওই বিদ্যালয়ের ১২২ শিক্ষার্থী একটি বিষয়ের পরীক্ষা দিতে পারেনি। গত সোমবার এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গত সোমবার বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা নেওয়া হয়নি। যথাসময়ে পরীক্ষা না নেওয়ায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক নার্গিস আক্তার বলেন, ‘শিক্ষা কার্যালয় থেকে প্রাপ্ত ছুটির তালিকা অনুযায়ী ১২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি বন্ধ ছিল। পরে জানতে পারি বন্ধের তারিখ পরিবর্তন হয়েছে। সংশোধিত রুটিনটিও আমি পাইনি।’