শিক্ষকের জমি দখল করে ঘর নির্মাণ, গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা গাছ কেটে ও দুটি ঘর নির্মাণ করে জমি দখলে নিয়েছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা গাছ কেটে ও দুটি ঘর নির্মাণ করে জমি দখলে নিয়েছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় এক শিক্ষকের জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সন্ত্রাসীরা বড় ২০টি মেহগনিগাছ কেটে নিয়ে গেছে। কেটে ফেলেছে আরও ৩০-৩৫টি ফলদ গাছ।
গত তিন দিনে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মজিবুর রহমান ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার। তাঁদের বাড়ি হরহর গ্রামে। হাসিনা আক্তার বাটাজোর অশ্বিনী কুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তাঁরা বলেন, এ ঘটনায় মামলা করতে গেলেও গৌরনদী থানার পুলিশ মামলা নেয়নি।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শিক্ষকের পরিবার থানায় এসেছিল, তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন সূত্র জানায়, মুজিবর রহমান ২০১২ সালে একই গ্রামের মতিয়ার রহমানের কাছ থেকে ২০ শতক জমি কিনে বাড়ি তৈরি করে বাস করছেন।
হাসিনা আক্তার বলেন, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মনতোষ দাস ও তাঁর ছেলে মিঠুন দাস এবং বিধান দাসের নেতৃত্বে ৫০-৬০ সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে জিম্মি করে বড় বড় ২০টি মেহগনিগাছ কেটে নিয়ে যায়। সন্ত্রাসীরা আম, কাঁঠাল, আতা, পেয়ারাসহ ৩০-৩৫ টি ফলদ গাছ কেটে ফেলে এবং জমি দখল করে দুটি টিনের ঘর তোলে। এ সময় মজিবুর রহমান বাড়িতে ছিলেন না। থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বাড়িতে ঢুকতেই রাস্তার উত্তর পাশে প্রায় ৫০ ফুট লম্বা একটি নতুন টিনের ঘর তোলা হয়েছে। বাড়ির ভেতরে সম্পূর্ণ নতুন টিনের প্রায় ২৫ ফুট লম্বা তিন চালা আরেকটি ঘর তোলা হয়েছে। ঘরের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কয়েকটি কেটে ফেলা মেহগনিগাছ ও ডালপালা। ঘরের সামনে বারান্দায় চেয়ারে বসে আছেন মনতোষের স্ত্রী বিভা রানী দাস। তিনি বলেন, ‘নতুন ঘর তুলছি তাই পাহারা দিচ্ছি।’
মনতোষ দাস, মিঠুন দাস ও বিধান দাস বলেন, তাঁরা কারও জমি দখল করেননি। তিন মাস আগে ৪৫ লাখ টাকায় জমি কিনে সেই জমিতে ঘর তোলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় সন্ত্রাসীরা তৃতীয় দফায় ওই বাড়িতে হামলা চালিয়ে আরও ২০টি মেহগনি গাছ কেটে নেয় এবং ২০টি ছোট গাছ উপড়ে ফেলে।
হাসিনা আক্তার ক্ষোভ প্রকাশ বলেন, তিন দিন ধরে মনতোষ দাসের সন্ত্রাসীরা ঘর তুলছে ও গাছ লুটসহ তাণ্ডব চালাচ্ছে। বার বার থানায় ধরনা দিলেও গত তিন দিনে পুলিশ একবারও ঘটনাস্থলে আসেনি কিংবা মামলা নেয়নি।
এদিকে গতকাল বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে মনতোষ দাবি করেন, ‘আমার বাড়িতে লোকজন কাজ করেছে। কোনো গাছ কেটে নেওয়ার ঘটনা সত্য নয়।’