শিক্ষকের জেল
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সিদ্দিকুর রহমান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ১২ ধারায় তাঁকে এ সাজা দেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বেলাল হোসেন তাঁর নিজের মাদ্রাসার ছাত্রছাত্রীদের পরিবর্তে দক্ষিণ বাহাগিলী ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সত্যতা স্বীকার করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, বেলাল হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।