শিক্ষকের থাপ্পড়ে কান নষ্ট হতে চলেছে ছাত্রের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষকের থাপ্পড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্র শ্রবণশক্তি হারাতে চলেছে বলে অভিযোগ উঠেছে। তার পরিবার গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি করেছে।

ঘটনার শিকার শিশুটির নাম ফারদিন আহমেদ (১০)। সে উপজেলার ধোপাখালী গ্রামের আরিফ উদ্দীনের ছেলে ও ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক খাজা আহমেদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা।

খাজা আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি মূলত গ্রাম্য রাজনীতির শিকার। তিনি প্রথম আলোকে বলেন, ফারদিনকে বকাঝকা করা হয়েছিল। থাপ্পড় মারার অভিযোগ সঠিক নয়। ফারদিন দীর্ঘদিন ধরে কানের সমস্যায় আক্রান্ত দাবি করে তিনি আরও বলেন, আরিফের সঙ্গে তাঁর জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। পাশাপাশি আরিফের স্ত্রী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গ্রামের স্কুলে আসার চেষ্টা করছেন। এসব কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয়েছে।

শিশু ফারদিনকে সঙ্গে নিয়ে বাবা আরিফ উদ্দীন গতকাল দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারি টিফিনের সময় ফারদিন বিদ্যালয়ের পেছনে অন্যদের সঙ্গে খেলা করছিল। এ সময় সামসুল নামে একজন বুদ্ধিপ্রতিবন্ধী ঘটনাস্থলে আসেন। তখন পঞ্চম শ্রেণির এক ছাত্র ঢিল ছুড়লে সামসুলের কপাল কেটে যায়। কিন্তু বিষয়টি যাচাই না করেই ফারদিনের উভয় কানে চারটি থাপ্পড় মারেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজা আহমেদ। ফারদিন কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তিনি (আরিফ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক এবং উপজেলা ও শিক্ষা কর্মকর্তাদের কাছে মুঠোফোনে ও লিখিতভাবে অভিযোগ দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ফারদিন রাতের মধ্যে আরও অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৬ মার্চ পর্যন্ত টানা ২২ দিন সেখানে চিকিৎসাধীন ছিল সে। ৬ মার্চ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলেন, ফারদিনের বাঁ কানের উন্নতি হলেও ডান কানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

 আরিফ উদ্দীনের অভিযোগ, বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের অবগত করা হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। অভিযোগের ন্যূনতম তদন্ত করেও দেখা হয়নি। তাই বাধ্য হয়েই তিনি সংবাদ সম্মেলন করছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ব্যস্ত থাকায় প্রকৃত ঘটনা জানতে পারেননি। তবে শিগগিরই তিনি সশরীরে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সম্পন্ন করবেন।