শিক্ষকের থাপ্পড়ে শিক্ষার্থীর কানের পর্দা ফাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল বৃহস্পতিবার সকালে পড়া না পারায় প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে এক শিক্ষার্থীর। আহত শিক্ষার্থীর নাম আফরোজা খাতুন। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষকের নাম শাহজাহান মিয়া। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আফরোজার বাবার নাম পাচু বিশ্বাস। তিনি জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা।
আফরোজা জানায়, সে প্রতিদিন স্কুলে কোচিং করে। বৃহস্পতিবার সকালে কোচিংয়ে আসার পর থেকে তার মাথাব্যথা করছিল। এতে করে সে প্রধান শিক্ষকের কাছে ঠিকমতো পড়া বুঝিয়ে দিতে পারেনি। বিষয়টি জানানোর পরেও পড়া না পারায় তার কানে থাপ্পড় মারেন তিনি।
আফরোজার মা মরিয়ম বেগম বলেন, তাঁর মেয়ে নয়টার দিকে স্কুলে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া তাকে কানে থাপ্পড় মারায় অসুস্থ হলে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুফিয়া ইয়াসমিন বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সে এখন অনেকটা শঙ্কামুক্ত। ইউএনও কামরুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।