শিক্ষকের দেড় শ চারাগাছ কর্তন
রাজশাহীর বাগমারায় এক মাদ্রাসাশিক্ষকের দেড় শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক আক্কাছ আলী জানান, তিনি দুই বছর আগে তেলিপুকুর গ্রামে বাড়ির পাশের জমিতে বনজ ও ফলদজাতীয় দেড় শ গাছের চারা রোপণ করেন। পরিচর্যার ফলে গাছগুলো বড় হয়ে উঠেছিল। শুক্রবার রাতে তাঁর লাগানো সব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে গাছের পরিচর্যা করতে এসে তিনি সেগুলো কাটা অবস্থায় দেখতে পান।
শিক্ষকের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি তাঁর জমির পাশে এসব গাছ রোপণে বাধা দিয়েছিলেন। তিনি গাছগুলো বড় হওয়ার পর থেকে সেগুলো কেটে ফেলার জন্য বলে আসছিলেন। ওই ব্যক্তিই গাছগুলো কেটেছেন বলে ধারণা করছেন তিনি।
ওই শিক্ষক বলেন, ‘সন্তানের মতো যত্ন করে গাছগুলো বড় করেছিলাম। সেগুলো কেটে ফেলায় খুব কষ্ট হচ্ছে।’ বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, কেউ অভিযোগ করেনি, করলে ব্যবস্থা নেওয়া হবে।