রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হককে। শাহেদুল হক ৫ ফেব্রুয়ারি বলেছিলেন, ‘একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি একটি কেন, সাতটি বিয়ে করতে পারেন।’
শিক্ষা কর্মকর্তার এমন বক্তব্যসহ ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ওই সহকারী শিক্ষা কর্মকর্তাকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওই শিক্ষকের পক্ষাবলম্বন করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখি না, তদন্তে উনি কী করেন। আমি নিজেই মঙ্গলবার বিষয়টি তদন্ত করে দেখেছি। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের করার সত্যতা পাওয়া গেছে। মেয়েটির নামে উপবৃত্তি ছিল। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের পরীক্ষার ফলাফল খাতা ঘেঁটে দেখেছি, মেয়েটি সব শ্রেণিতে প্রথম স্থানে ছিল। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শাহেদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ওই ঘটনার তদন্ত করব না। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজেই তদন্ত করুক।’
২০১৩ সালের ১৩ জানুয়ারি ওই বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ ৬৩ শতক জমি লিখে দিয়ে ওই ছাত্রীকে গোপনে বিয়ে করেন। বিয়ের পর থেকে মেয়েটি আর স্কুলে যায়নি। ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন।