শিক্ষকের পিটুনি ছাত্র হাসপাতালে
ঝালকাঠিতে এক শিক্ষক কাওছার হোসেন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রের বাবা খাদেম আলী হাওলাদার গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গুরুতর অবস্থায় বুধবার বিকেলে ওই শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাওছার হোসেন জানায়, বুধবার বেলা দুইটার দিকে তাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস চলছিল। সহকারী শিক্ষক অমলেন্দ্রনাথ হালদার পড়া নিচ্ছিলেন। ক্লাসের পড়া হয়নি কার জিজ্ঞেস করলে দুই ছাত্রী হাত তোলে। এ সময় শিক্ষক তাদের বেত দিয়ে পেটান। এতে তারা কান্নাকাটি করলে শ্রেণিকক্ষের কয়েকজন ছাত্র জোরে চিৎকার এবং বিদ্রূপ করে। শিক্ষক জানতে চান কে জোরে চিৎকার করেছে। এ সময় একজন কাওছারকে দেখিয়ে দিলে শিক্ষক বেত দিয়ে কাওছারের পিঠে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কাওছার শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চায়। কিন্তু এরপরও থামেননি ওই শিক্ষক। একপর্যায়ে কাওছার সংজ্ঞা হারালে অন্য শিক্ষার্থীরা কাওছারের বাবাকে খবর দেয়। তিনি এসে ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের আরএমও মানস কৃষ্ণ জানান, ওই শিক্ষার্থীর পিঠে বেতের আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন জানান, শিক্ষার্থীকে বেত্রাঘাত করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই শিক্ষক আজ (গতকাল বৃহস্পতিবার) বিদ্যালয়ে আসেননি। তিনি একটি ছুটির আবেদন করে লোক মারফত তা পাঠিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।