শিক্ষকের পিটুনি, দুই ছাত্র হাসপাতালে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার শিক্ষকের পিটুনিতে দুই ছাত্রের গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই ছাত্রকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই ছাত্র মো. নূরুন্নবী ও তাঁর চাচাতো ভাই আল আমিন দশম শ্রেণির ছাত্র। নূরুন্নবীর বাবার নাম আবদুল লতিফ এবং আল আমিনের বাবার নাম মোশারফ হোসেন। তাদের বাড়ি উপজেলার আদারভিটা এলাকার মুকন্দবাড়ী গ্রামে।
শিক্ষার্থী ও পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের শারীরিক কসরত (পিটি) চলছিল। এ সময় আল আমিন তার সামনে দাঁড়ানো সহপাঠীর কাঁধে হাত রাখে। এ কারণে আল আমিনকে মারধর শুরু করেন সহকারী শিক্ষক মঞ্জুরুল হক। আল আমিনের চাচাতো ভাই মো. নূরুন্নবী এর প্রতিবাদ করে। আরেক সহকারী শিক্ষক মো. শ্যামল ক্ষিপ্ত হয়ে নূরুন্নবীকে বেত দিয়ে বেধড়ক পিটুনি দেন। খবর পেয়ে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে গতকাল বিকেলে শিক্ষক মঞ্জুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। সহকারী শিক্ষক মো. শ্যামল বলেন, ‘ওই শিক্ষার্থীরা বেয়াদবি করেছিল। তাদের ধমক দেওয়া হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’