শিক্ষকের পিটুনিতে আহত ছাত্র হাসপাতালে
যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অনুপ সরকারকে (১৪) বেদম মারধর করা হয়েছে। গত বুধবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান তাকে পেটান।
গুরুতর অবস্থায় ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অনুপ উপজেলার চাপরতলা গ্রামের মালোপাড়ার মৃত নিবাস সরকারের ছেলে। শ্রেণিতে তার রোল নম্বর ৫। সে জানায়, তার জন্মনিবন্ধন ও জেএসসি পরীক্ষার সনদে জন্মতারিখ ভিন্ন হওয়ায় তা সংশোধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যাওয়ায় তিন দিন সে বিদ্যালয়ে যেতে পারেনি। বুধবার বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান তার কাছে অনুপস্থিতির কারণ জানতে চান। দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে সে বেঞ্চে বসে পড়লে ওই শিক্ষক তাকে লাঠি দিয়ে বেদম পেটান।
অনুপ জানায়, লাঠি দিয়ে তার শরীরের হাঁটুর ওপর থেকে কোমর পর্যন্ত ৪০ থেকে ৫০ বার আঘাত করা হয়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে বিদ্যালয়ের পাশের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে একজন গ্রাম্য চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। অনুপ জানায়, রাতে সে আবার অসুস্থ হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষক মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনুপস্থিতির কারণ জানতে দাঁড়াতে বললে অনুপ বসে পড়ে। এতে আমার হঠাৎ রাগ হয়ে যায়। বেত এনে আমি তাকে বেশ কয়েকটি বাড়ি দিয়েছি। এর মধ্যে কয়েকটি বাড়ি একটু বেশি লেগে গেছে। ব্যাপারটি এ রকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কুমার দাস বলেন, ওই দিন ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এলাকার একজন আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেননি। ওই শিক্ষককে কারণ দর্শাতে প্রধান শিক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ বদরুদ্দোজা বলেন, ছাত্রটি বেশ আহত হয়েছে। তার বাম ঊরুতে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে।