শিক্ষকের পিটুনিতে ছাত্র আহত
নেত্রকোনায় মো. তুহিন মিয়া নামের দশম শ্রেণির এক ছাত্রের মাথা দেয়ালের সঙ্গে ঠেকিয়ে আঘাত করেছেন বলে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাকে স্কেল দিয়ে পেটানো হয়েছে। গতকাল শুক্রবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, তুহিন (১৫) সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ উচ্চবিদ্যালয়ের ছাত্র। বাড়ি সদর উপজেলার শিব প্রসাদপুর গ্রামে। দুষ্টুমি করায় বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশারফ হোসেন গত সোমবার তাকে স্টিলের স্কেল দিয়ে পেটান এবং তার মাথা দেয়ালের সঙ্গে ঠুকেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়ি যায়। রাতে অবস্থার অবনতি হলে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, তুহিনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম এখলাছুর রহমান বলেন, বিদ্যালয়ের তহবিল থেকে তুহিনের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষক মোশারফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।