শিক্ষকের পিটুনিতে ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় খয়রা গৌরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম আশিকুর রহমান (১১)। সে খয়রা গ্রামের লোকমান আলীর ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় ও আহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে আশিকুর অন্যদের সঙ্গে বসে ক্লাস করছিল। এ সময় সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম শিক্ষার্থীদের লিখতে দিয়ে শ্রেণিকক্ষের বাইরে চলে যান। তখন শ্রেণিকক্ষে অপর এক ছাত্র সোহেল রানার সঙ্গে আশিকুরের ঝগড়া ও হাতাহাতি হয়। কক্ষে ফিরে ঘটনা দেখতে পেয়ে ওই শিক্ষক লাঠি দিয়ে আশিকুরকে বেদম পেটান। পিটুনিতে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে ও কেটে যায়। এতে অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আশিকুরের বাবা লোকমান আলী অভিযোগ করে বলেন, ‘শিক্ষকের পিটুনিতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে গরুর মতো পেটালে ছাত্ররা তো আর স্কুলে যাবে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, আশরাফুল ইসলাম দুই দিনের ছুটিতে আছেন। তিনি বলেন, ‘এভাবে ছাত্রকে মারা তাঁর ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আজ বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন,‘ রাগ ওঠার কারণে লাঠি দিয়ে পাঁচ-সাতটা আঘাত করেছি। এটা ঠিক হয়নি। বিদ্যালয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই দুই দিনের ছুটি নিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের মারধর করা বেআইনি।