শিক্ষকের পিটুনিতে ছাত্র হাসপাতালে
সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঢাকার সাভারের ব্যাংক কলোনির একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দুই শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন শিক্ষক গা ঢাকা দিয়েছেন।
আহত ওই ছাত্রের নাম ইব্রাহিম খলিল (১৪)। সে সাভারের ব্যাংক কলোনির বজলুর রহমানের ছেলে। একই এলাকার শহীদ ক্যাডেট একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ইব্রাহিম ওই প্রতিষ্ঠানের আবাসিক ভবনে থেকে পড়ালেখা করে।
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুজ্জামান বলেন, ইব্রাহিম বাঁ পায়ের হাঁটুতে প্রচণ্ড আঘাত পেয়েছে। এ কারণে সে পা সোজা করতে পারছে না। এ কারণে তার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছে না।’ পা ছাড়াও ইব্রাহিমের পিঠ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের শিক্ষক, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ইব্রাহিমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম প্রতিষ্ঠানের আবাসিক ভবনের নিচতলায় সহপাঠী সালমানের সঙ্গে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তার ছোড়া এক টুকরো সুরকিতে সালমান কপালে সামান্য আঘাত পায়। ওই অপরাধে অধ্যক্ষ রফিকুল ইসলামের নির্দেশে সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও রায়হান হোসেন তাকে ওই ভবনের তিনতলার একটি কক্ষে নিয়ে যান। এরপর ওই কক্ষের দরজা বন্ধ করে তাকে মোটা বেত দিয়ে পেটানো হয়।
ইব্রাহিম অভিযোগ করে, তিনতলার একটি কক্ষে নেওয়ার পর দরজা বন্ধ করে প্রথমে শহীদুল ইসলাম ও রায়হান হোসেন তাঁকে শক্ত করে ধরে রাখেন। এ সময় অধ্যক্ষ তাকে মোটা বেত দিয়ে পেটাতে থাকেন। এরপর দুই শিক্ষকও তাকে মারধর করেন। তার বাঁ পায়ের হাঁটুতে প্রচণ্ড আঘাত পাওয়ায় সে হাঁটতে পারছে না।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, কক্ষের দরজা বন্ধ করে ইব্রাহিমকে পেটানো হচ্ছিল। এ সময় সে চিৎকার করছিল। শিক্ষার্থীরাই বিষয়টি ইব্রাহিমের পরিবারের সদস্যদের জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, নানা অজুহাতেই অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক তাদের মারপিট করেন। কিন্তু ভয়ে তাঁরা এসব বিষয়ে অভিযোগ করতে পারে না।
আহত শিক্ষার্থী ইব্রাহিমের বাবা বজলুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ও দুই শিক্ষক মিলে আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়েছেন। আবার মামলা না করতে প্রভাবশালী লোকজন দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’
অধ্যক্ষসহ অভিযুক্ত তিন শিক্ষক গা ঢাকা দেওয়ার কারণে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোহাম্মদ সায়েম হোসেন বলেন, রফিকুল ইসলামসহ শহীদুল ইসলাম ও রায়হান হোসেনের বিরুদ্ধে ইব্রাহিমকে পেটানোর অভিযোগ সত্য। এ কারণেই ঘটনার পরপরই তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।