শিক্ষকের প্রহারে পঞ্চম শ্রেণির ছাত্র গুরুতর আহত
নওগাঁর আত্রাই উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পিটুনিতে পঞ্চম শ্রেণির ছাত্র কামরুল হাসান গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী ও আনিছুর রহমান একে অপরের সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে পঞ্চম শ্রেণির ছাত্র কামরুল হাসান (১১) সেখানে চলে আসে। এ সময় শিক্ষক আনিসুর রহমান শ্রেণিকক্ষের একপাশে খুলে রেখে দেওয়া বৈদ্যুতিক পাখার ধাতব পাত দিয়েকামরুলকে পিটুনি দেন। এতে সে গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত কামরুলকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শনিবার কামরুলের বাবা হায়দার আলী বাদী হয়ে শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে আত্রাই থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাথিয়া আক্তার জানান, ওই দুই শিক্ষক এখন এলাকায় নেই। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আত্রাই থানার ওসি বদরদ্দোজা বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।