শিক্ষকের প্রহারে শিক্ষার্থী হাসপাতালে
নওগাঁ সদরে শিক্ষকের প্রহারে অসুস্থ হয়ে মিনহাজ হোসেন (১০) নামে এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়া না পারার কারণে গত মঙ্গলবার শিশুটিকে বেত দিয়ে পিটানো হয় বলে শিশুটির পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই শিশুর চাচা আনোয়ার হোসেন নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মিনহাজ নওগাঁ শহরের বালু ডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার চকরাম চন্দ্র উত্তরগ্রাম হামিদুর রহমান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাড়ি সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে।
মিনহাজের মা নাসরিন আক্তার প্রথম আলোকে বলেন, আজ সকালে মাদ্রাসা থেকে পালিয়ে মিনহাজ বাড়িতে আসে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করলে সে জানায়, পড়া না পারায় আরমান হুজুর তাকে মেরেছে। তার শরীরের প্রচণ্ড জ্বর ও ব্যথার কারণে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর চাচা আনোয়ার হোসেন অভিযোগ করেন, গত মঙ্গলবার ভোরে মিনহাজকে বেত দিয়ে ওই মাদ্রাসার শিক্ষক আরমান হোসেন শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে। মারধর করার ফলে মিনহাজ অসুস্থ হয়ে পড়লেও মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটির কোনো চিকিৎসা করেনি। এমনকি বাড়িতে আসতে চাইলে তাকে নজরবন্দী করে রাখা হয়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষক আরমান হোসেন মারধরের কথা স্বীকার করে বলেন, ‘কিছুদিন ধরেই মিনহাজ নিজের পড়া দিতে পারছিল না। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের আগে মিনহাজকে পড়া দিতে না পারায় কঞ্চি দিয়ে দুই-একটা বাড়ি দিয়েছি।’
এ ব্যাপারে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘মিনহাজের শরীরে আঘাতের চিহ্ন দেখে মঙ্গলবারই আমি ওই শিক্ষককে মৌখিকভাবে বহিষ্কার করেছি। শুক্রবার মাদ্রাসা কমিটির সভায় তাঁর বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মারধরের ফলে মিনহাজ অসুস্থ হয়ে পড়লে হোমিওপ্যাথিক এক চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে তাকে খাওয়ানো হয়েছে।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক সামসুল আলম খান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।