শিক্ষকের প্রহারে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ
স্কুলশিক্ষকের প্রহারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৃষ্টি দাস (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার অভিযুক্ত শিক্ষক বাবলা দত্তের বিরুদ্ধে বোয়ালখালী থানায় হত্যা মামলা করেছেন। বাবলা দত্ত বোয়ালখালী কধুরখীল কৈবর্ত্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মৃত বৃষ্টি তার পরিবারের সঙ্গে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল কৈবর্ত্যপাড়ায় থাকত।
পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কোচিং ক্লাসে অঙ্ক ভুল করায় বৃষ্টিকে মারধর করেন বাবলা দত্ত। কিল-ঘুষি ও বেত দিয়ে মারার কারণে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি। এরপর গত কয়েক দিন স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় বৃষ্টি।
বৃষ্টি মারা যাওয়ার পর গতকাল শুক্রবার তার বাবা আশুতোষ দাস বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম ছুটিতে থাকায় এ বিষয়ে থানার উপপরিদর্শক মোশতাক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলা হওয়ার পর অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সুরতহালে মেয়েটির কপালে ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ (শুক্রবার) মেয়েটির ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।