শিক্ষকের বদলিকে কেন্দ্র করে কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক বদলিকে কেন্দ্র করে গতকাল রোববার কক্সবাজারের টেকনাফে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাইফুল আলমের ওপর হামলা ও কার্যালয়ের আসবাব ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে দুটি খোলা জিপে করে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের ৫০-৬০ জন শিক্ষার্থী (স্কুলের পোশাক পরা) লাঠিসোঁটা নিয়ে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে ঢুকে কম্পিউটারসহ আসবাব ভাঙচুর করে। এ সময় তারা শিক্ষা কর্মকর্তা মো. শাইফুল আলমকে টেনেহিঁচড়ে কার্যালয় থেকে বাইরে এনে মারধর করে। একপর্যায়ে অফিসপাড়ার কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষা কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় এক বছর আগে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে ইংরেজির শিক্ষক শাহা আলম এবং গণিতের শিক্ষক মো. আল আমিন ও মো. আরশাদ আলীকে নিয়োগ দেওয়া হয়। ১ সেপ্টেম্বর ওই তিন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘বিদ্যালয়ের পাঠদান চলাকালে হঠাৎ কিছু শিক্ষার্থী তিন শিক্ষকের বদলির প্রতিবাদে শিক্ষা কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়ে ক্লাস থেকে বের হয়ে পড়ে। এ সময় আমি বিষয়টি পরিচালনা কমিটির সদস্যদের মুঠোফোনে জানাই। এর কিছুক্ষণ পরে শুনতে পাই তারা শিক্ষা কার্যালয় ভাঙচুর ও শিক্ষা কর্মকর্তাকে মারধর করেছে।’ তিনি বলেন, এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাইফুল আলম বলেন, ‘ওই তিন শিক্ষকের বদলিতে আমার কোনো হাত নেই। প্রকল্পসংশ্লিষ্টরা তাঁদের বদলির আদেশ দিয়েছেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির প্রভাবশালী ব্যক্তিদের উসকানিতে শিক্ষার্থীরা আমার ওপর হামলাসহ কার্যালয় ভাঙচুর করেছে।’ তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল হুদা পরিচালনা কমিটির কোনো সদস্যের ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ওই কর্মকর্তাকে মারধর, ভাঙচুরের সঙ্গে জড়িত শিক্ষার্থীসহ ইন্ধনদাতাদের চিহ্নিত করার জন্য স্কুল পরিচালনা কমিটিকে দুদিনের সময় দেওয়া হয়েছে।’