শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রাজশাহীর বাগমারার মচমইল গ্রামে এক কলেজশিক্ষকের বাড়ি আগুনে পুড়ে গেছে। আগুনে বাড়ির সব গবাদিপশু ও মালামাল পুড়ে যায়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। কলেজশিক্ষকের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
ভুক্তভোগী মচমইল ডিগ্রি কলেজের শিক্ষক আফজাল হোসেন বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের তাপে তাঁর ও পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। এ সময় আশপাশের লোকজন বাড়িতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে তিনি ঘরের বাইরে এসে বাড়িতে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাইরে আসার চেষ্টা করেন। তবে বাইরে থেকে বাড়ির তিনটি ফটক কে বা কারা বন্ধ করে দেওয়ায় তাঁরা বের হতে পারেননি। পরে তিনি প্রাচীর টপকে বাইরে এসে বাড়ির দরজা খুলে সবাইকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়িতে থাকা হাঁস-মুরগি, দুটি ষাঁড়সহ মালামাল পুড়ে যায়। তাঁর দাবি, আগুনে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি বাগমারা থানায় কারও নাম উল্লেখ না করে একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন ধরিয়ে পুড়িয়ে মারার কোনো কারণ দেখছি না।’
এ ব্যাপারে জানতে চাইলে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কেউ অগ্নিসংযোগ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।