শিক্ষকের বাড়িতে ডাকাতি, বন্দুক লুট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির স্বর্ণালংকার, নগদ টাকা, একটি বন্দুক ও বন্দুকের কার্তুজ লুট করে। বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় পুলিশের একজন কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও গৃহকর্তা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে বাগজানা বাজার এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুবারক আলীর বাড়ির প্রাচীর টপকে শোবারঘরের দরজা ভেঙে ২৫ থেকে ৩০ জনের এক দল ডাকাত ঢুকে পড়ে। তারা বাড়ির বাসিন্দাদের মারধর করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, চারটি মুঠোফোন, শিক্ষক মুবারক আলীর লাইসেন্স করা একটি বন্দুক ও বন্দুকের ২৫টি গুলি লুট করে।
গৃহকর্তা মুবারক আলী বলেন, ডাকাতেরা লুটপাটে ব্যস্ত থাকার সময় তাঁর ছেলে আবু সাঈদ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মুঠোফোনে পাঁচবিবি থানা-পুলিশকে জানালে টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় আহত ব্যক্তিরা হলেন থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম, কনস্টেবল আবদুল আজিজ ও ইসমাইল হোসেন। এসআই আজহারুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই কনস্টেবল আজিজ ও ইসমাইল ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।