শিক্ষকের বাড়িতে উড়োচিঠি, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় এক কলেজশিক্ষকের বাড়ি থেকে গতকাল শনিবার একটি উড়োচিঠি ও লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মিজানুর রহমান (৩৮) নামের ওই শিক্ষক দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক। তিনি উপজেলার উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা। মা ও বোনকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন তিনি।
দুপচাঁচিয়া থানার দেওয়া ওই শিক্ষকের অভিযোগে জানা যায়, ১ আগস্ট বিকেলে তাঁর মুঠোফোনে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি ২৫ লাখ টাকা দাবি করেন। ৫ আগস্টের মধ্যে টাকা পরিশোধ করতে হবে বলে ফোনে জানানো হয়। এরপর একই মুঠোফোন নম্বর থেকে কয়েকবার তাঁর মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি। গতকাল ভোরে তিনি ঘুম থেকে উঠে বাড়ির বাইরের দরজা খুলে পলিথিনে মোড়ানো একটি কাগজ দেখতে পান। পলিথিনের ভেতরে সাদা খামের ওপরে হাতে লেখা মিজানুরের ঠিকানা। খাম খুলে দেখেন, কম্পিউটারে কম্পোজ করা একটি চিঠি। চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছ থেকে টাকা চেয়ে টাকা পাইনি। মোবাইলে কয়েকবার রিং দিলেও ধরেননি। তাই শেষবারের মতো চিঠি দিলাম। শনিবার থেকে রোববারের মধ্যে টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার ও পরিবারের রেহাই নেই। বিষয়টি আপনার ও আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কাউকে জানানোর চেষ্টা করবেন না।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আপনার বাড়ির ভেতরে সীমানাপ্রাচীর ঘেঁষে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা রাখা আছে।’ মিজানুর প্রাচীরের কাছে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি তাৎক্ষণিক দুপচাঁচিয়া থানা-পুলিশকে জানালে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে তা থানায় নিয়ে আসে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। চিঠিটিও জব্দ করা হয়েছে। শিক্ষক মিজানুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।