শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের রাবেয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জরুরি কাজে বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় এক ছাত্রী বিদ্যালয়ের বাগান থেকে ফুল তুলতে যায়। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনেন বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ। সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে কালীগঞ্জ-ঘোড়াশাল-জামালপুর সড়কের দুই পাশে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও যোগ দেন। সিরাজুল ইসলাম বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এটাও সেই পূর্বশত্রুতার জের।’ 

শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করার দরকার ছিল, আমি তা করেছি। ওই শিক্ষক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর ওই ফাঁদে পা দেব না।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, দুজন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা-অভিযোগ করছেন। যেহেতু তাঁরা দুজনই দলীয় লোক, তাই দলীয় ঊর্ধ্বতনদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।