শিক্ষকের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুরাপাটপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ ওঠে।
অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক সেলিম রেজা প্রধান শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। সেলিম রেজা বলেন, ওই বিদ্যালয়ে শিক্ষকের কোনো শূন্যপদ না থাকলেও ভুয়া কাগজপত্র তৈরি করে প্রধান শিক্ষক তাঁকে সহকারী শিক্ষক হিসেবে ২০১৩ সালের জুলাই মাসে নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার সময় প্রধান শিক্ষক আজিজুল হক বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে তাঁর (সেলিম) কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন।
দুই বছর পর সেলিম এমপিওভুক্ত (সরকারি বেতন-ভাতা) হতে গিয়ে জানতে পারেন, তাঁর নিয়োগটি ভুয়া। গত ২২ ফেব্রুয়ারি তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নাটোর আদালতে প্রতারণার মামলা করেন। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘গুরুদাসপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এরপর প্রধান শিক্ষক ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং আদালত থেকে সময় নেন। পরে দুই কিস্তিতে টাকা পরিশোধ করবেন বলে স্থানীয়ভাবে মীমাংসা হয়।
প্রথম দফায় সেলিমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (চাঁচকৈড় শাখা) ২ লাখ ৭০ হাজার টাকার চেক দেওয়া হয়। চেকটির মালিক ছিলেন প্রধান শিক্ষক আজিজুল হকের ছেলে মো. শরীফুল ইসলাম। ৯ জুন সেলিম ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁকে যে চেকের পাতাটি দেওয়া হয়েছে, সেই চেক বইটি হারিয়ে গেছে বলে ৩ জুন গুরুদাসপুর থানায় একটি জিডি করেছেন শরীফুল ইসলাম।
সেলিম রেজা বলেন, ব্যাংক থেকে তিনি টাকা তুলতে পারেননি। তাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি চালিয়ে যাবেন বলে জানান।
প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, সেলিম রেজাকে তিনি কোনো চেক দেননি। হারিয়ে যাওয়া চেকটি সেলিম রেজা চুরি করেছেন।