ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল বৃহস্পতিবার শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে মো. শাহীন মিয়া নামের এক ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রাইভেট না পড়ার জের ধরে শিক্ষক মো. ওমর ফারুক ওই ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
শাহীন উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বনুড়া গ্রামের আবদুল বারেকের ছেলে। সে উপজেলার নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় গতকাল বেলা দুইটার দিকে গিয়ে দেখা যায়, শাহীন যন্ত্রণায় ছটফট করছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুন্নেছার দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী একজন নার্স তাকে ব্যথানাশক ইনজেকশন প্রয়োগ করছেন। এ সময় শাহীন অভিযোগ করে বলে, প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক ওমর ফারুক স্যার তাকে এভাবে মারধর করেছেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় সে ওই স্যারের কাছে প্রাইভেট পড়ত। তবে অষ্টম শ্রেণিতে ওঠার পর বিদ্যালয়ের সঙ্গে জড়িত নন, এমন একজন শিক্ষকের কাছে সে প্রাইভেট পড়তে শুরু করে। এতে ওমর ফারুক স্যার তার প্রতি ক্ষিপ্ত হন। গতকাল শ্রেণিকক্ষে নাম ডাকা শেষ করে স্যার বেত হাতে তার কাছে গিয়ে বেত্রাঘাত শুরু করেন। সে যন্ত্রণায় ছটফট করতে থাকলেও বেত্রাঘাত থামানো হয়নি। একপর্যায়ে টিকতে না পেরে সে শ্রেণিকক্ষের বাইরে বের হয়ে পড়ে।
শাহীনের বাবা আবদুল বারেক বলেন, ‘আমি গরিব মানুষ। ছেলেকে বিদ্যালয়ে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, মারধর খাওয়ার জন্য নয়। পড়া না পারলে একজন শিক্ষক মৃদু শাসন করতেই পারেন। কিন্তু প্রাইভেট না পড়ার অজুহাতে মারধর করে আহত করলে বাবা হিসেবে সন্তানের কষ্ট সহ্য করা যায় না।’
এ ব্যাপারে জানতে ওমর ফারুকের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে অন্য একজনের মুঠোফোনের সাহায্যে ওই শিক্ষকের সঙ্গে কথা হয়। তখন তিনি অভিযোগের উত্তরে বলেন, শাহীন শ্রেণিকক্ষে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করছিল। তাই বিরক্ত হয়ে তিনি তাকে বেত দিয়ে দুটি বাড়ি মেরেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুদল কাইয়ুম বলেন, ‘ছাত্রটি হয়তো বেয়াদবি করেছে, তাই তাকে মৃদু শাসন করা হয়েছে।’ কাউকে মৃদু শাসন করা হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাসপাতালে তো যাওয়ার কথা নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে (ছাত্র) আদর করে বাড়িতে যেতে বলেছি।’