শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক (৪৫) ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) নয় দিন আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গত রোববার রাতে অভিযুক্ত শিক্ষক লোক মারফত শিশুটিকে থানায় পাঠিয়ে দেন। শিশুটিকে রাতে থানায় রেখে গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে রোববার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মিলেছে।
ডাক্তারি পরীক্ষার পর গতকাল সোমবার বিকেলে ওই ছাত্রী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসির উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি শেখ আবদুল হামিদ জানান, জবানবন্দি শেষে বিচারক শিশুটিকে চিকিৎসার জন্য তার বাবার জিম্মায় দিয়েছেন।