শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে না পেয়ে ওই ছাত্রীর পরিবার ১৪ জুন মামলা করে। মামলা তুলে নিতে এখন আসামিদের হুমকি দেওয়া হচ্ছে।
এজাহার ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, কোচিং সেন্টারের ওই শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। উত্ত্যক্তের শিকার হয়ে কোচিং সেন্টারটি ছেড়ে বেশির ভাগ ছাত্রী চলে যায়। বছর খানেক আগে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষক। ছাত্রীটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হয়। এ পর্যায়ে শিক্ষক ছাত্রীটির পরিবারকে কিছু টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এ অবস্থায় ছাত্রীটির মা-বাবা প্রতিকারের আশায় প্রভাবশালী ব্যক্তিদের কাছে ধরনা দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম যদ্দিন হায়দারসহ স্থানীয় ব্যক্তিদের কাছে সালিসের মাধ্যমে বিচার চাওয়া হয়। তাঁরাও কিছু টাকা নিয়ে ছাত্রীর পরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন। এ পরিস্থিতিতে ১৪ জুন ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান ও ওই শিক্ষকের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। শিক্ষকের পরিবারের সদস্যরা ছাত্রীর বাবাকে কয়েকবার শারীরিকভাবে নির্যাতনও করেন বলে অভিযোগ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, বাদীর পরিবারকে অনেকটা জিম্মি করে রাখা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অসীম যদ্দিন হায়দার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমিও ওই ঘটনার বিচার চাই।’