শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে।
ধর্ষণের অভিযোগ ওঠা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম ওরফে মানিক ওই ছাত্রীকে তার বাড়িতে গিয়ে পড়াতেন।
ছাত্রীর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন ওই শিক্ষক ছাত্রীকে পড়াতে তার বাসায় যান, এ সময় ছাত্রীর বাবা-মা ছিলেন না। দাদি আলাদা একটি ঘরে নামাজ পড়ছিলেন। বড় বোন বারান্দায় ছিলেন। এ সুযোগে ওই শিক্ষক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ির বারান্দায় বসে থাকা তাঁর বড় বোন পড়ার ঘরে ছুটে যান। আটকানোর চেষ্টা করলে রেজাউল তাঁকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আদিতমারী থানায় রেজাউল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ঘটনা জানাজানি হলে মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী আজ শনিবার সকালে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ওই শিক্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্লোগান দেন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত দুটি পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সরওয়ার আলম বলেন, ‘ওই ছাত্রীটির বাবা শুক্রবার আমাকে মুঠোফোনে ঘটনাটি জানালে আমি তাঁকে আইনগত ব্যবস্থা নিতে বলি।’ তিনি বলেন, দায়ী শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, মামলার কাগজ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে সুপারিশ করা হবে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কফিল উদ্দিন বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। আজ লালমনিরহাট সদর হাসপাতালে ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।