শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ডেরাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ছাত্রী গতকাল বুধবার নন্দীগ্রাম থানায় মামলা করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে জহুরুল হক বলেছেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মিথ্যে কলঙ্ক রটিয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক জহুরুল হকের (৫২) বাড়ি উপজেলা সদরের পূর্বপাড়া মহল্লায়। তিনি কয়েক মাস ধরে মুঠোফোনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি পরীক্ষায় ভালো নম্বর দেওয়া ও অর্থের লোভ দেখিয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। পরে বিয়ের প্রস্তাবও দেন তিনি। ছাত্রী এতে বিরক্ত প্রকাশ করায় মুঠোফোনে যৌন উত্তেজক ও আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন।
এদিকে ওই ছাত্রীকে হয়রানির খবর জানার পর প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা গতকাল বিদ্যালয় ঘেরাও করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম কামাল প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
গাজিউর রহমান বলেন, ছাত্রীর সঙ্গে মুঠোফোনে ওই শিক্ষকের কথাবার্তার রেকর্ড পুলিশ হাতে পেয়েছে। প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার সত্যতা মিলেছে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে তিনি আত্মগোপন করেছেন।