শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন গতকাল রোববার অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়। পরীক্ষা শেষে কক্ষ থেকে অধিকাংশ ছাত্রছাত্রী বের হলে ওই শিক্ষক চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় দু-তিনজন শিক্ষার্থীকে কক্ষে আসতে দেখে ওই শিক্ষক দ্রুত কক্ষ ছেড়ে চলে যান। পরে ওই শিক্ষার্থী বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানায়।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল ১০টায় ওই শিক্ষক বিদ্যালয়ে আসার সময় কালীগঞ্জ বাজার চৌরাস্তার মোড়ে তাঁকে আটক করেন স্থানীয় লোকজন ও ওই শিক্ষার্থীর বাবা। কৌশলে ওই শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে বিদ্যালয়ে আসেন। পরে ওই শিক্ষক বিষয়টি মুঠোফোনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের বলেন। তাঁরা গিয়ে দেখেন, উত্তেজিত লোকজন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। সঙ্গে সঙ্গে শিক্ষক সমিতির নেতারা বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয় ও পুলিশকে জানান। পরে পুলিশ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান ও কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিচারের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে জানতে ওই শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে ওই শিক্ষকের ছেলে বলেন, ‘এসব সাজানো নাটক। আব্বা বাড়িতে নেই। এলে জানাব।’
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম বলেন, ‘খবর পেয়ে সহকারীকে বিদ্যালয়ে পাঠাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ‘সকালে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে ঘটনা জেনে ব্যবস্থা নিতে বলেছি।’