খুলনা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা ওই শিক্ষককে লাঞ্ছিত করেছেন। তাঁকে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তাঁরা। গতকাল বুধবার এসব ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের দাবির মুখে ওই শিক্ষককে অন্যত্র বদলির জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ওই শিক্ষক বলেন, ‘আমি খুব হাসিখুশি একজন মানুষ। আমার সঙ্গে কারওর কোনো শত্রুতা নেই। ব্যাপারটা পুরোটাই সাজানো। ওই ছাত্রী কেন এমন করেছে তা বুঝতে পারছি না।’
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকালে মেডিকেল কলেজ ভবনের নিচতলায় ওই শিক্ষকের চেম্বারে একটি কাজ নিয়ে যান কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রী। তখন শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মিলে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা ওই শিক্ষককে বহিষ্কারের দাবিতে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। পরে অধ্যক্ষ কলেজের শিক্ষকদের নিয়ে তাৎক্ষণিক সভায় বসেন। সেখানে ওই শিক্ষককে অন্য জায়গায় বদলির জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ সুধাংশু কুমার বল্লভ বলেন, তিনি ওই ছাত্রীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ শুনেছেন। উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে প্রত্যাহার করে অন্য জায়গায় বদলির সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার জন্য তদন্ত কমিটি করা হবে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘ঘটনা শুনে আমরা এসে পরিস্থিতি শান্ত করি। পুলিশি পাহারায় ওই শিক্ষককে ক্যাম্পাসের বাইরে দিয়ে আসা হয়েছে।’