শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গত রোববার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে বাসায় নিয়ে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা ধর্ষণচেষ্টার মামলা করেছেন। ওই শিক্ষক পালিয়ে গেছেন।
ওই ছাত্রী বলে, গতকাল সোমবার তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তাই রোববার বেলা ১১টার দিকে সে বিদ্যালয়ে পরীক্ষার ফি জমা দিতে যায়। ফি জমার রসিদ বই বাসায় আছে বলে প্রধান শিক্ষক তাকে সেখানে আসতে বলেন। তিনি বিদ্যালয়ের পাশেই ভাড়া বাসায় থাকেন। ওই ছাত্রী তার এক বান্ধবীসহ সেখানে যায়। প্রধান শিক্ষক ছাত্রীর বান্ধবীকে বাসার সামনে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ের বারান্দায় বসতে বলেন। তিনি ওই ছাত্রীকে বাসার মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী শিক্ষকের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে আসে।
ছাত্রীর বাবা বলেন, মেয়ে ঘটনা খুলে বললে তাঁরা বিদ্যালয়ের দিকে যান। পথে বাসস্ট্যান্ডে ওই শিক্ষককে পান। ওই শিক্ষক পালিয়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিত লোকজন তাঁকে সামান্য মারধরও করে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করা হয়েছে।
ওই শিক্ষক বলেন, তিনি মেয়েটিকে কিছু করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।