শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাস্টার দিয়ে আঘাত করে এক শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ওই শিক্ষার্থীর নাম সামিউর রহমান (১১)। সে চাঁদপুর শহরের মমিনপাড়ার আবদুল বারেকের ছেলে। সামিউর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র।
সম্প্রতি সামিউরদের বাসায় গিয়ে দেখা যায়, তার ডান হাত প্লাস্টার করা। তার মা-বাবার সঙ্গে কথা বলা জানা গেছে, গত বুধবার সকালে ক্লাস চলাকালে সামিউর তার পাশে বসা সহপাঠী হাসিবের সঙ্গে একটু কথা বলে। তখন সেখানে থাকা কৃষিশিক্ষা বিভাগের শিক্ষক সাইফুল্লাহ খান তাদের কথা বলার অপরাধে হাতে থাকা ডাস্টার দিয়ে মারধর করতে থাকেন। এ সময় ডাস্টারের আঘাতে সামিউরের ডান হাতের কনুইয়ের হাড় ফেটে যায়। বিকেলে বাসায় আসার পর তার ডান হাত ফুলে গেলে সে বিষয়টি তার মাকে জানায়। তার মা পরদিন সকালে স্কুলে গিয়ে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে একজন শিক্ষক সামিউর ও তার মাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করে তার ডান কনুইয়ের হাড় ফেটে যাওয়ার বিষয়টি জানা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিবুল হাসিব বলেন, ‘ওই শিশুর ডান হাতের কনুইয়ের হাড় ফেটে গেছে। তবে ভালো হতে কয়েক সপ্তাহ লাগবে।’
সামিউরের মা ডেইজি আক্তার বলেন, ‘আমার সন্তান অন্যায় করলে শিক্ষক শাসন করতে পারেন। কিন্তু এভাবে হাতে আঘাত করতে পারেন না।’
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাইফুল্লাহ খান বলেন, ‘সামিউর ক্লাসে পেছনে বসে দুষ্টুমি করছিল। আমি তাকে শাসন করতে গেলে টেবিলের সঙ্গে লেগে সে হাতে আঘাত পায়।’ তবে এভাবে শাসন করা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমি ঘটনাটি পরদিন জেনেছি। পরে ওই শিক্ষককে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক করে দিই।’
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুস ফারুকী বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্দেশে তিনি বিষয়টি তদন্ত শুরু করেছেন। দুই দিনের মধ্যে তিনি জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।