শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর কাছ থেকে জাল সনদ নিয়ে চাকরিতে যোগ দেওয়ায় এক শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন।
আরেকজন শিক্ষকের এমপিওভুক্তির আবেদনপত্রে জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে তাহের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া সেই শিক্ষককেও চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত হওয়া ওই দুজন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর উচ্চবিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক ইব্রাহিম মিয়া ও হাজীগঞ্জের পালিশারা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আফরোজা আক্তার।
ইব্রাহিম মিয়া অভিযোগ করেন, তিনি ৪০ হাজার টাকা দিয়ে আবু তাহেরের কাছ থেকে শরীরচর্চা বিষয়ের নিবন্ধন সনদ কিনেছেন। ওই সনদ জমা দিয়ে তিনি ২০১০ সালের ১ জুলাই শরীরচর্চা শিক্ষক পদে শাহপুর উচ্চবিদ্যালয়ে যোগ দেন।
এর এক বছর পর এমপিওভুক্ত হন। এমপিওভুক্ত হওয়ার পর তাহের চৌধুরী আবার তাঁর কাছে এক লাখ টাকা চান।
ওই টাকা না দেওয়ায় তিনি (তাহের) ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে তাঁকে চাকরিচ্যুত করার ব্যবস্থা করেন।
দেশগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, গত ১২ জুন মাউশির সহকারী পরিচালক গৌর মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে তাহের চৌধুরীর নাম এমপিও থেকে কেন বাদ দেওয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আপনি তাহের চৌধুরী পালিশারা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আফরোজা আক্তারের এমপিওভুক্তির আবেদনপত্রে জেলা শিক্ষা কর্মকর্তা সফি উদ্দিনের সই জাল করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।’
পালিশারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘২০১২ সালে আফরোজা আক্তারকে শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর আফরোজা আক্তার তাঁর এমপিওর আবেদনপত্র তাহের চৌধুরীকে দিয়ে তৈরি করান।
আফরোজার এমপিওভুক্তির খবর শুনে জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে তাঁর দপ্তরে তলব করে জানতে চান, আফরোজার ফাইলে আপনি সই করেননি, তাহলে এমপিও এল কীভাবে? পরে আফরোজা তাহের চৌধুরীকে ১৫ হাজার টাকা দিয়ে তাঁর নথি ঠিক করেছেন বলে শিক্ষা কর্মকর্তার কাছে স্বীকার করেন।’
জাকির হোসেন আরও বলেন, ‘পরে ডিজির কার্যালয় থেকে আমাকে ও আফরোজাকে ডাকা হয়। সেখানেও আমি আফরোজা ও তাহের চৌধুরী এ কাজ করেছেন বলে লিখিত দিয়েছি। তাহের চৌধুরীর খপ্পরে পড়ে আফরোজা চাকরিচ্যুত হয়েছেন।’
ইব্রাহিমের কাছে জাল সনদ বিক্রি ও টাকা না দেওয়ায় তাঁকে চাকিরচ্যুত করতে ডিজির কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার ব্যাপারে তাহের চৌধুরী বলেন, ‘ইব্রাহিম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
আফরোজা আক্তারের এমপিওভুক্তির জন্য তৈরি করা কাগজপত্রে জেলা শিক্ষা কর্মকর্তার সই জাল করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য একটি সমস্যার কারণে আমাকে শোকজ করা হয়েছিল। আমি ইতিমধ্যে জবাব দিয়েছি।’
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, এমপিওভুক্তির আবেদনপত্রে তাঁর সই জাল করায় আফরোজা আক্তারকে চাকরিচ্যুত করা হয়েছে। আর যিনি সই জাল করেছেন, সেই তাহের চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিজির কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।