শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী গতকাল বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পরে কাজের কথা বলে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে ওই শিক্ষক যৌন হয়রানি করেন। গত সোমবার ও গতকাল বুধবার বেলা ১১টায় দুজন শিক্ষার্থীর মা এ বিষয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ করেন। সপ্তাহ খানেক আগে আরেকজন অভিভাবক এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মণ পালের কাছে মৌখিক অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এসে এ ঘটনার বিচার দাবি করে। এ সময় তারা ওই শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মণ পাল বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় আমি বিষয়টি কাউকে জানাইনি। পরিস্থিতি এমন হবে তা বুঝতে পারিনি।’
প্রধান শিক্ষক রওশন আরা বলেন, ‘আমি গত রোববার বিদ্যালয়ে যোগদান করেছি। সকালে একজন শিক্ষার্থীর মা এসে আমাকে ঘটনাটি জানান। আমি তাঁকে বিচারের আশ্বাস দিয়ে জরুরি কাজে শিক্ষা কার্যালয়ে চলে যাই। সেখান থেকে এসে বিদ্যালয়ে অভিভাবকদের সমাগম দেখতে পাই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুল আউয়াল বলেন, ‘খবর পেয়ে বিষয়টি জানার জন্য আমি সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মিজানুর রহমানকে নিয়ে বিদ্যালয়ে আসি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। এখন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত ওই শিক্ষক বলেন, ‘আমার কিছু দোষত্রুটি আছে। তবে যৌন হয়রানির অভিযোগটি সঠিক নয়।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ইউএনওর নির্দেশে সন্ধ্যায় বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন।